
গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়পিলাক ৪ নম্বর এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযুক্ত খিল্যু মারমা উপজেলার ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে সিন্ধুকছড়ি সেনাবাহিনী ও গুইমারা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’