
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
‘ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধনেশ্বর দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, ডিজিটাল যুগে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই কোনো তথ্য গ্রহণ বা প্রচারের আগে এর উৎস ও সত্যতা যাচাই করা জরুরি। নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পাশাপাশি তথ্য যাচাইয়ের বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে।
তিনি বলেন, তথ্য অধিকার নাগরিকের ক্ষমতায়ন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। আইনসম্মতভাবে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ থাকলে নাগরিকরা সরকারি কার্যক্রম ও সেবা সম্পর্কে আরও সচেতন হতে পারেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে, জনগণের অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে এবং নাগরিক সেবা কীভাবে দেওয়া হচ্ছে—এসব বিষয়ে আইনসম্মত তথ্য জানার সুযোগ নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল করে তোলে।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা সম্ভব।
সভায় নাগরিকদের তথ্য অধিকার আইন সম্পর্কে জানার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আইনসম্মতভাবে প্রয়োজনীয় তথ্য চাওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তথ্য প্রকাশ ও সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প অফিসার পল ত্রিপুরাসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।