
নিজস্ব প্রতিনিধি।।
টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা এবং জনজীবনে দুর্ভোগের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি চট্টগ্রাম বিভাগের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় তরুণদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমন্বিতভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। তিনি দুর্যোগকবলিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে ধৈর্য ধারণের অনুরোধ করেন।
এদিকে, কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্যাঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বিমান ও ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন সড়কে পানি জমে যোগাযোগ ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।