
মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি।।
বান্দরবানের থানচি উপজেলার লিক্রী সীমান্ত সড়কে একটি টয়োটা গাড়ি দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লিক্রী সড়কের রেমংপাড়া ক্যাম্প থেকে থানচি সদরে ফেরার পথে সড়কের ১১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. দেরাজ মিঞা। তিনি লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলু এলাকার কবির আহমদের ছেলে। দুর্ঘটনাকবলিত গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-০২-২১৩৪।
আহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার বজল কবিরের ছেলে মো. মিজান, একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মো. কায়েস এবং লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম।
আহত ঠিকাদার আবদুর রহিম জানান, তিনি দীর্ঘদিন ধরে ১৭ ইসিবির অধীনে থানচি-লিক্রী সড়কের নির্মাণকাজে যুক্ত রয়েছেন। রোববার সকালে কাজের স্থান পরিদর্শন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। নিহত ও আহতদের হাসপাতালে নেওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. হাসিবুল হোসেন বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজনের আঘাত সামান্য। অপর একজনের কোমরে আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে একজনের মরদেহও হাসপাতালে আনা হয়।