
বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে এমডিএস অ্যাম্বুলেন্স ৭ ফিল্ডের মাধ্যমে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে মোট ৩৩টি দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন মো. আবু সায়েম। এসময় সেনা রিজিয়নের অন্যান্য স্টাফ অফিসাররাও উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৩৩টি অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে মোট ১ লাখ ১ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে সহায়তা পাওয়া স্থানীয় দরিদ্র পরিবারের সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।