
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সজারুর আক্রমণে আকলু তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের আলেখ্যং এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় আকলু তঞ্চঙ্গ্যাকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে তার শরীর থেকে সজারুর একটি কাঁটা অপসারণ করা হয়। এ সময় অপারেশন কার্যক্রমে নেতৃত্ব দেন সিনিয়র স্টাফ নার্স প্রবীর তঞ্চঙ্গ্যা। তাকে সহযোগিতা করেন সিনিয়র নার্স শিরিন শিলা ও জুবাইদা জাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে একটি সজারুর দল আলেখ্যং এলাকার শস্যক্ষেতে নিয়মিত প্রবেশ করে ফসল নষ্ট করছিল। শস্যক্ষেতের পাশে গর্ত করে বাসা বাঁধে সজারুগুলো। বিষয়টি জানার পর আকলু তঞ্চঙ্গ্যা সজারু ধরার চেষ্টা করেন। এ সময় ধোঁয়া ও কোদাল দিয়ে মাটি কাটার একপর্যায়ে একটি সজারু হঠাৎ তার দিকে তেড়ে আসে। আত্মরক্ষার্থে সজারুটিকে আঘাত করার চেষ্টা করলে উল্টো সজারুর কাঁটার আঘাতে তিনি আহত হন।
আহতের পায়ে একাধিক কাঁটা বিঁধলেও একটি কাঁটা ভেতরে ঢুকে ভেঙে যায়। স্থানীয়ভাবে কাঁটাটি অপসারণে ব্যর্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে অপারেশনের মাধ্যমে কাঁটাটি সফলভাবে বের করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তবে দুর্গম এলাকায় বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।