
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুপার এইটকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার হুদ।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় বিলাইছড়ি হাসপাতাল ঘাট মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রুপায়ন চাকমা, বিশিষ্ট ব্যক্তি সুকুমার চক্রবর্তী, সংরক্ষিত মহিলা সদস্য রিতা চাকমা, ওয়ার্ড সদস্য মো. ওমর ফারুক (মনি), বাবুলাল তঞ্চঙ্গ্যা, বিএনপি নেতা মো. নাসির, মো. জাকির হোসেন ও মো. মামুন।
এছাড়া আয়োজক কমিটির শুভাশীষ চক্রবর্তী, মোহাম্মদ অলি ও মোহাম্মদ ইসহাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিয়তোষ চক্রবর্তী।
এবারের টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নেয়। দলগুলো হলো— পালবার লিং সেন্টার, বিলাইছড়ি ইয়ং স্টার, ব্রাদার হুদ, সুপার এইট এবং পাহাড়ি ইগল।
ফাইনাল ম্যাচে ব্রাদার হুদের অন্তর বড়ুয়া ‘ম্যান অব দ্য ফাইনাল’ এবং হৃদয় দাশ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন।