
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলে হলো কাজল দাস (৬০)। সে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার নতুন জালিয়াপাড়ার বাসিন্দা।
মঙ্গলবার(১১ আগষ্ট) দুপুরে রাঙ্গামাটি সদরের বালুখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সংলগ্ন হাজারীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। রাঙ্গামাটির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায় কাপ্তাই হ্রদের বালুখালী এলাকায় মাছ ধরতে যায় জেলে কাজল দাস। সেখানে মাছ ধরার সময় নদীতে পড়ে গিয়ে নিখোজ হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশন এর লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে রাঙ্গামাটি ফায়ার ষ্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৗঁছে দুপুর আড়াইটার কাপ্তাই হ্রদের প্রায় পয়ত্রিশ ফুট গভীর তলদেশ থেকে নিখোঁজ জেলে কাজল দাশকে উদ্ধার করে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন জানান আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।