
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি এলাকায় পথচারী ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে নবনির্মিত একটি যাত্রীছাউনি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রীছাউনিটির ফলক উন্মোচন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খাঁন, পিএসসি।
স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে যাত্রীছাউনিটি নির্মাণের ব্যবস্থা করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনি ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বাইল্যাছড়ি এলাকায় দীর্ঘদিন কোনো যাত্রীছাউনি না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে সড়কের পাশে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হতো। নতুন যাত্রীছাউনিটি নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা রোদ-বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. শাহ জালাল কাজল বলেন, বাইল্যাছড়ি এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ব্যক্তিগত উদ্যোগে যাত্রীছাউনিটি নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করবেন তিনি।
সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খাঁন বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে এ ধরনের সামাজিক ও ব্যক্তি উদ্যোগ প্রশংসনীয়। যাত্রীছাউনিটি স্থানীয় পথচারী ও যাত্রীদের দৈনন্দিন চলাচলে সুবিধা দেবে।
পার্বত্যাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সেবামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।