
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষস্থান অর্জন করেছে সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার কোয়ান্টাম কসমো স্কুল। বিদ্যালয়টির সাধারণ (জেনারেল) শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৭৫ শিক্ষার্থীর মধ্যে ৭১ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়টির ভোকেশনাল শাখা থেকেও দুইটি ট্রেডে ৬৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৫ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর লামা উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, চারটি মাদ্রাসা এবং পাঁচটি ভোকেশনাল কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ হাজার ৩৫৪ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৭৯ জন।
এর মধ্যে সাধারণ ধারার বিদ্যালয়গুলোতে ১ হাজার ১১৫ পরীক্ষার্থীর মধ্যে ৫২৫ জন উত্তীর্ণ হয়েছে। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। ভোকেশনাল শাখায় ১১০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
মাদ্রাসার সাধারণ ধারায় ১২৩ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ জন। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে একজন। মাদ্রাসার ভোকেশনাল শাখায় ছয়জন পরীক্ষার্থীর মধ্যে চারজন উত্তীর্ণ হয়েছে।
উপজেলার স্কুল পর্যায়ে চারটি এবং মাদ্রাসা পর্যায়ে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনামূলকভাবে কম সাফল্যও দেখা গেছে। এর মধ্যে চিউনীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ছয়জন। বিদ্যালয়টির কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ইনচার্জ ছালেহ আহমদ বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও নিয়মিত মেডিটেশন চর্চার সুযোগ দেওয়া হয়। আবাসিক পরিবেশে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও আন্তরিক পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় বলেন, লামা উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ এবং ভালো পাশের হারের ভিত্তিতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শীর্ষস্থান অর্জন করেছে। শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ অর্জন এবং পাশের হারসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল মূল্যায়ন করা হয়।