
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ আগস্ট) ভোরে ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের নয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ নয়াপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘুমধুম সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, সীমান্তসংলগ্ন নয়াপাড়া এলাকা দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালানের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। উদ্ধার হওয়া চালানটি স্থানীয় কয়েকজন চোরাচালানকারীর মাধ্যমে দেশের অভ্যন্তরে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলেও তারা দাবি করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং বহন করা বস্তা ফেলে রেখে যায় বলে স্থানীয় সূত্রের দাবি।
তবে স্থানীয় সূত্রের এসব অভিযোগের বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করা হয়নি।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।