
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি রাজস্থলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক এবং রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক উজ্জ্বল মুৎসুদ্দী।
এছাড়াও বক্তব্য রাখেন রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা এবং সাম্যের বিষয়ে তাঁর অসাধারণ সাহিত্য ও কবিতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তরুণ প্রজন্মের মাঝে কবির এই কালজয়ী চেতনা, সাহিত্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে বলেও আশা রাখেন বক্তারা।
পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।