
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পাহাড়ধসে একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। গত ২৮ আগস্ট রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ইত্তুকমুয়া চাকমা জানান, রাতে হঠাৎ পাহাড়ধসের ঘটনায় তাঁদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পাহাড়ধসের খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইজ উদ্দিন সাজুর তত্ত্বাবধানে দলটির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক মো. আজগর আলী, মো. আব্দুর রহিম, মারিশ্যা ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সদস্য নীতিসংকর চাকমা। কার্যক্রমটি মো. সাইজ উদ্দিন সাজুর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
বিএনপি নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারের ক্ষয়ক্ষতির বিষয়টি উপজেলা বিএনপির পক্ষ থেকে গুরুত্বসহকারে দেখার এবং ভবিষ্যতে আরও সহযোগিতার উদ্যোগ নেওয়ার কথা জানান।
এদিকে, পরিবার সূত্রে জানা গেছে, পাহাড়ধসের তিন দিন পর ৩১ আগস্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, পাহাড়ধসের পর উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে আসেননি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।