
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাজার পর্যবেক্ষণ, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের বাজার এলাকায় প্রকৃতি দল ও বন বিভাগের কর্মকর্তারা সাধারণ মানুষের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার রাজস্থলী উপজেলা কো-অর্ডিনেটর জনি খিয়াং-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ টিমের উপদেষ্টা এবং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মো. সুমন খান এবং বন বিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের সচেতন করার পাশাপাশি সরকারি আইন মেনে চলার প্রতিও সভায় গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বন্যপ্রাণী সংরক্ষণ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।