
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
টানা ভারী বর্ষণ ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ জুলাই) খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণের সময় তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
রামগড় ব্যাটালিয়নের আওতাধীন রামগড় হাইস্কুল সংলগ্ন আবাসিক এলাকা, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বল্টুরাম টিলা, ৩ নম্বর ওয়ার্ডের গর্জনতলী এবং ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যটিলা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ প্যাকেট মোমবাতি, ১ কেজি চিড়া, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু এবং ২টি ম্যাচ।
বিজিবি সূত্র জানায়, ত্রাণ বিতরণের পাশাপাশি রামগড় ব্যাটালিয়নের সদস্যরা বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের খোঁজখবর রাখছেন, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আশ্রয়কেন্দ্রে যাতায়াতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। পাশাপাশি যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে রামগড় ব্যাটালিয়নের কর্মকর্তা, বিজিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।