
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটির রাজস্থলীতে মাদকদ্রব্য সেবন এবং অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে এক নারীসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজস্থলী সদর বাজারে অভিযুক্ত মোঃ ইউসুফ বাবুর্চির নিজস্ব দোকানে ভাসমান ও ভবঘুরে নারী বুলবুল আক্তারকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকা এবং মাদক সেবনের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় দুইজনকে সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক অভিযুক্ত মোঃ ইউসুফকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা নগদ জরিমানা করেন। একই সাথে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারা মোতাবেক তাকে আরও ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। (মোবাইল কোর্ট মামলা নং- ২২/২০২৬)।
অন্যদিকে, অপরাধে জড়িত থাকার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারা মোতাবেক অভিযুক্ত নারী বুলবুল আক্তার বেগমকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রাজস্থলী উপজেলার হাজিপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে মোঃ ইউসুফ (৫৫) এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার জলদি এলাকার শের আলীর মেয়ে বুলবুল আক্তার বেগম (৩৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউছুফ হাসান জানান, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের এমন অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।