
মোবারক হোসেন, লক্ষীছড়ি।।
দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার সকালে দুল্যাতলী ইউনিয়ন ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার ২০ জন প্রান্তিক কৃষকের অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দুল্যাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন ও দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে পাহাড়ি এলাকার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন এবং কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের ব্যবহারিক ধারণা দেওয়া হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো ও বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহারের বিভিন্ন দিক নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদপত্র, সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নানা সীমাবদ্ধতার মধ্যে কৃষিকাজ করা প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও পদ্ধতির সঙ্গে পরিচিত করার মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখতে পারে।