
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম মাসালং এলাকায় ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের অধীন বাঘাইহাট জোনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চিকিৎসা কার্যক্রমে ২ জন বাঙালি ও ৫৫ জন পাহাড়ি রোগীসহ মোট ৫৭ জনকে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ছানি অপারেশনের জন্য ১৫ জন রোগীকে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুর্গম এলাকার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় স্থানীয় রোগী ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।