
বশির আহমেদ, বান্দরবান।।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী বাজারে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাজার শেড উদ্বোধন করা হয়েছে।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত বাজার শেডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মিত এ বাজার শেডে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য উন্নত পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, নতুন অবকাঠামো চালুর ফলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বাড়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর, হেডম্যান সাশৈপ্রু এবং ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বাজার শেডটি চালু হওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য তুলনামূলক নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। পাশাপাশি কচ্ছপতলী বাজারের বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।