
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মধ্যরাতে অভিযান চালিয়ে পাচারকালে সেগুন কাঠবোঝাই একটি গাড়ি আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কাপ্তাই সড়কের পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গাড়িটি আটক করা হয়।
রাঙ্গুনিয়া রেঞ্জার মেহরাজ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গাড়িতে থাকা ১৬৭ টুকরা সেগুন কাঠ জব্দ করা হয়। বন বিভাগের তথ্যমতে, জব্দ করা কাঠের পরিমাণ ১২৬ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার বেশি।
রেঞ্জার মেহরাজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার করা কাঠসহ গাড়িটি আটক করা হয়েছে।
অভিযানে রাঙ্গুনিয়া রেঞ্জার মেহরাজ হোসেনের পাশাপাশি পোমরা বিট কর্মকর্তা সোলায়মানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা অংশ নেন। বন স্টেশনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে কাঠ পাচার
ব্যস্ত কাপ্তাই সড়কে পোমরা বন স্টেশনের কাছাকাছি এলাকা থেকে রাতের আঁধারে বিপুল পরিমাণ সেগুন কাঠ পাচারের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বন স্টেশনের আশপাশ দিয়ে কীভাবে অবৈধ কাঠের গাড়ি চলাচল করে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজর এড়িয়ে এসব কাঠ পাচারের চেষ্টা হয়, তা নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে পোমরা বন স্টেশনে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা সিদ্দিকের কাছে জানতে চাওয়া হলে তাঁর কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে, বনজ সম্পদ রক্ষায় শুধু অভিযান চালিয়ে কাঠ আটক করাই যথেষ্ট নয় অবৈধ কাঠের উৎস, পরিবহনপথ এবং পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও জরুরি।