
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্র হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী সড়ক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিদ্যালয়টির এসব অবকাঠামোর উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি।
বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়টি এলাকাটির একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এখানে প্রায় ৪৫০ জন বাঙালি ও পাহাড়ি শিক্ষার্থী অধ্যয়ন করছে। দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের আবাসন সুবিধা ও নিয়মিত শিক্ষাগ্রহণ নিশ্চিত করতে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ছাত্র হোস্টেল নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে ৪০ জন শিক্ষার্থী থাকার সুযোগ পাবে।
এছাড়া শিক্ষার্থীদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ বাড়াতে একটি দ্বিতলবিশিষ্ট বিজ্ঞান ও আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, নতুন ভবনটি শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে স্কুলের প্রধান ফটক পর্যন্ত ৫৩৫ ফুট দৈর্ঘ্যের একটি সংযোগ সড়কও নির্মাণ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।