
আহমদ বিলাল খান:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকার বিমা দাবি পরিশোধ করেছে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি।
মঙ্গলবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি শহরের বনরূপা এলাকায় অবস্থিত কোম্পানির ব্রাঞ্চ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের নেজাম শাহ পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ এসকান্দর তার সন্তান কাজী তাইমিন মাহমুদ আরাফের ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সে একটি শিক্ষা বীমা পলিসি গ্রহণ করেন। তিনি ত্রৈমাসিক ৫ হাজার ২৮০ টাকা হারে মোট পাঁচটি কিস্তিতে ২৬ হাজার ৪০০ টাকা জমা দেন।
পলিসি চালুর প্রায় ১৮ মাসের মাথায় এক মর্মান্তিক দুর্ঘটনায় শিশু আরাফ নিজ বাড়ির সামনে মাইক্রোবাসের ধাক্কায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় পরিবারটিতে গভীর শোক নেমে আসে। পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স দ্রুততার সাথে দাবির প্রক্রিয়া সম্পন্ন করে এবং গ্রাহকের প্রতি দায়বদ্ধতা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বিমা দাবি পরিশোধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স চট্টগ্রাম লালখান বাজার সেলফ অফিসের কে আর এম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন রাঙ্গামাটি ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি ব্রাঞ্চ ম্যানেজার বিএম নাসির উদ্দিন এবং চট্টগ্রাম নোয়াপাড়া ব্রাঞ্চের বিএম সিরাজুল ইসলাম সিরাজ।