
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা ও ৩০ হাজার টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিলাইছড়ি সেনা জোন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মিলনায়তনে ‘উদ্যমী উনত্রিশ, বিলাইছড়ি জোন, রাঙামাটি রিজিয়ন’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি জোন কমান্ডার ও ২৯ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বিলাইছড়ি উপজেলা দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন জোন কমান্ডার। পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহিত করতে জোনের পক্ষ থেকে দলটিকে ৩০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সেনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে বিলাইছড়ি দলের সোহাগ বাবু মার্মা সেরা গোলদাতা, জনি মার্মা সেরা গোলকিপার এবং অজান্ত চাকমা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে রাঙামাটি সদর উপজেলা দলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিলাইছড়ি। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে জয় পেয়ে প্রথমবারের মতো আয়োজিত রাঙামাটি চ্যাম্পিয়ন লিগের প্রথম চ্যাম্পিয়ন হয় বিলাইছড়ি উপজেলা দল।
রাঙামাটি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১০ উপজেলা—রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, নানিয়ারচর, বাঘাইছড়ি ও লংগদুর বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়রা অংশ নেন।