
মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার উদ্যোগে প্রথমবারের মতো তিন দিনব্যাপী স্কাউট লিডার কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা, বাংলাদেশ স্কাউটসের যুম্ম সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা স্কাউট সম্পাদক মো. আক্কাস আলী, উপজেলা কাপ লিডার মো. আনিসুর রহমান ও উপজেলা কমিশনার বদিউল জামান।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ স্কাউট লিডার তৈরি হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
উপজেলা স্কাউট সম্পাদক মো. আক্কাস আলী বলেন, দীঘিনালায় প্রথমবারের মতো এ ধরনের লিডার কোর্সের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নের পাশাপাশি উপজেলায় কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
উপজেলা কমিশনার বদিউল জামান বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা তৈরি করা সম্ভব। এ প্রশিক্ষণ উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটিংয়ের মৌলিক বিষয়, নেতৃত্ব, দল পরিচালনা, শৃঙ্খলা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষ ও দায়িত্বশীল স্কাউট লিডার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।