
মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙামাটির লংগদু উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে থাকত। অভিযোগ, গত সপ্তাহে বাড়িতে একা থাকার সুযোগে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর একই এলাকার শহিদুল (২৩) নামের এক যুবক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, গত এক সপ্তাহ ধরে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।