
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাহাড়ে শান্তি, সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিন্দুকছড়ি জোন সদরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি।
সভায় জোন কমান্ডার বলেন, পাহাড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। তিনি পারস্পরিক আস্থা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জন্য বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকায় জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, সড়ক যোগাযোগ, খালপাড়ে সাঁকো নির্মাণ, অবৈধ কাঠ পাচার, বাজার ব্যবস্থাপনা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের সমস্যা, মানবাধিকার এবং শিক্ষার উন্নয়ন বিষয়গুলো উঠে আসে।
সভায় বক্তারা অপরাধ প্রতিরোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।
সভায় আরও বক্তব্য দেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, রামগড় থানার ওসি মো. নাজির আলম, মানিকছড়ি থানার ওসি মো. রাশেদ খান, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউচুপ, গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম এবং গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জয়নাল আবেদীন।
সভায় গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অংশ নেন। সভা শেষে স্থানীয় জনগণের নিরাপত্তা ও কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।