
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ছোট হরিনা ব্যাটালিয়ন ১২ বিজিবির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ (ইঞ্জিনিয়ার্স)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছোট হরিনা জোন ক্রীড়া মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে হরিনা আমতলা ফুটবল একাদশের মুখোমুখি হয় পার্বত্যছড়া স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা মানুষের মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে সহায়তা করে। যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ১২ বিজিবি জোনের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, সুবেদার মেজর মো. মন্টু মিয়া, জোনের আওতাধীন বিভিন্ন এলাকার হেডম্যান ও কার্বারী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।