
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাঘাইছড়ি মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট বিদেশি ‘উইন’ (ডরহ) ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রতি প্যাকেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
২৭ বিজিবির মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।