
মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অনুষ্ঠিত জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে টাইব্রেকারে ৩ নম্বর কবাখালী ইউনিয়নকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে বোয়ালখালী ইউনিয়ন ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। খেলা উপলক্ষে স্টেডিয়ামে পাহাড়ি ও বাঙালিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল ম্যাচে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, যুবসমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আগামী প্রজন্মকে সুস্থ, মেধাবী, শক্তিশালী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সুশিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন সামাজিক সম্প্রীতি, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টের সফল আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।