
কলেজ সূত্র জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে বুধবার (৮ জুলাই) দুপুরে কলেজের উত্তর পাশের প্রায় ২৫ ফুট বাউন্ডারি ওয়ালসহ মাটি ধসে প্রায় ৫০ ফুট নিচে পড়ে যায়। এ সময় কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, ধসে যাওয়া অংশের নিচে কয়েকটি বসতঘর রয়েছে। অব্যাহত বৃষ্টি হলে মাটির ধস আরও বাড়তে পারে এবং এতে চারতলা একাডেমিক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত। ২০২০-২০২১ অর্থবছরে ফ্যাসিলিটিজ বিভাগ থেকে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।
অভিভাবক মো. ইলিয়াছ ও বেলাল হোসেন বলেন, কলেজ ভবনের পাশে মাটি ধসে পড়ায় সন্তানদের পাঠাতে ভয় হচ্ছে। দ্রুত গাইড ওয়াল নির্মাণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, কলেজ ভবনের পাশ থেকে মাটি সরে যাওয়ায় পুরো ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হানিফ বলেন, ধসের সময় শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ইতোমধ্যে বান্দরবান জেলা প্রশাসক, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে।
তিনি বলেন, অতিবৃষ্টি অব্যাহত থাকলে ভবনটি আরও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।