
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান। পার্বত্য জেলা বান্দরবানে সাংগু আর মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেক এলাকায় পানি জমাট বেধেছে। জেলার নিম্নাঞ্চলের ঘর বাড়ী আর বিভিন্ন প্রতিষ্ঠানে এখন নদীর পানি প্রবেশ করায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে, সেই সাথে বেড়েছে বিশুদ্ধ পানির চাহিদা।
এদিকে বান্দরবান জেলা সদরের বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য বান্দরবানের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি ভ্রাম্যমান গাড়ীতে পুকুর থেকে পানি তুলে সেই পানি বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
৯ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অনুপম দেসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এসময় প্রতিটি পরিবারকে ১০লিটার করে একটি জেরিক্যানসহ পরিশোধিত পানি বিতরণ করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানান, বান্দরবানের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে এই ভ্রাম্যমান গাড়ীতে বিভিন্ন পয়েন্টে দৈনিক ১লক্ষ ৫০ হাজার লিটার পানি পরিশোধন করা হবে আর পৌরসভার বাসিন্দাদের বিনামুল্যে সরবরাহ করা হবে। তিনি আরো জানান, প্রতিটি উপজেলায় ২০হাজার করে পানি পরিশোধন ট্যাবলেট ও সদর উপজেলায় ৬০হাজার পানি পরিশোধন ট্যাবলেট স্থানীয় জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে