
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার দুর্গম সীমান্তবর্তী খুব্বাং, আন্দারমানিক ও কালাপোনাছড়া এলাকায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ।
রোববার (১২ জুলাই) ৩ নম্বর আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমার নেতৃত্বে এসব এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েন। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এসব এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
বরকল সদর থেকে স্পিডবোটে প্রায় ছয় ঘণ্টার পথ পাড়ি দিয়ে খুব্বাং ও আন্দারমানিক এলাকায় পৌঁছে বন্যাকবলিত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি জানান, সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকাই আমার অঙ্গীকার। যতদিন দায়িত্বে থাকব, সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে থেকে কাজ করে যাব।”
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি ত্রাণ ও ব্যক্তিগত উদ্যোগে দেওয়া সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।