
নানিয়ারচর প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের কৃতি গোলরক্ষক রূপনা চাকমার নিজ গ্রামসহ রাঙামাটির নানিয়ারচর উপজেলার আশপাশের এলাকায় যোগাযোগ ও কৃষি অবকাঠামো উন্নয়নে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রকল্পগুলো স্থানীয় জনগণের যোগাযোগব্যবস্থা সহজ করার পাশাপাশি কৃষি ও সেচ সুবিধা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মহাপুরম খালের ওপর সেতু নির্মাণ, বাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক থেকে রূপনা চাকমার বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ ও উন্নয়ন এবং ভুইয়াদাম গ্রামে সেচ ড্রেন নির্মাণ।
রোববার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম ও উপসহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান জানান, স্থানীয় জনগণের যোগাযোগব্যবস্থা সহজ করা, কৃষি উৎপাদন ও সেচ সুবিধা বৃদ্ধি এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ও সড়ক নির্মাণের ফলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে। একই সঙ্গে সেচ ড্রেন নির্মাণের মাধ্যমে কৃষিকাজে পানি সরবরাহের সুযোগ বাড়বে। ফলে রূপনা চাকমার গ্রামসহ আশপাশের এলাকার কৃষি ও যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ করা হলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কৃষি ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে এগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।