
রামু প্রতিনিধি।।
কক্সবাজারে আগামী ৬ ও ৭ নভেম্বর আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে জেলার আলেম-ওলামা ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রামুর চাকমারকুল আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে সংস্থার সাধারণ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধাওনখালী মাদ্রাসার মুহতামিম ও সংস্থার সভাপতি মাওলানা মোহাম্মদ মোসলেম। উদ্বোধনী বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ।
সভায় গত বছর অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। একই সঙ্গে আগামী ৬ ও ৭ নভেম্বরের সম্মেলনের সম্ভাব্য বাজেট, বক্তা নির্ধারণ এবং আয়োজনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধের প্রচার-প্রসারে ইসলামী সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মেলনকে সফল করতে দেশের বিশিষ্ট আলেম ও আন্তর্জাতিক পর্যায়ের বক্তাদের আমন্ত্রণ জানানো এবং ব্যাপক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা ও সংস্থার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা শামসুল আলম, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা শেখ আখতার, মাওলানা মোহাম্মদ হারুন, মাওলানা ইমাম জাফর আলম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা রিদুয়ানুল হক, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শাহেদ নূর, মাওলানা রুহুল কাদের, মাওলানা জুনাইদ জারুল্লাহ ও মাওলানা ক্বারী শাকেরসহ অনেকে।