
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের পুরস্কার প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা সরকারি মডেল উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকানঘর নির্মাণে সহায়তা, চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার, নিরাপত্তা ও আলোকায়নের জন্য সোলার ল্যাম্প পোস্ট, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এ ছাড়া কর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারী যুবকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।