
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুলতল জালালাবাদ এলাকায় রান্নাঘরের চুলা থেকে লাগা আগুনে একটি আধাপাকা বসতঘরের দুটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ঘরের মালিক বাচা মিয়া কৃষিকাজে বাইরে ছিলেন। ঘরে অবস্থান করছিলেন তাঁর বৃদ্ধ মা ও স্ত্রী। পরে তাঁদের নিরাপদে ঘর থেকে বের করে আনা হয়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে বসতঘরের দুটি কক্ষ, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুন লাগার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে দুর্ভোগে পড়েছে। তাঁদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।