
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা ও বান্দরবান সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া প্রশিক্ষণে ১৯ জন তরুণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষিত যুবসমাজ দেশের সম্পদ। কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা গেলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণ কোর্সে ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন ও ভবিষ্যতে তা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবে।