
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
‘কোনো পিতামাতাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়’—এমন প্রত্যাশা নিয়ে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন রাঙামাটির রাজস্থলীতে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভার বক্তারা।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজস্থলীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা তাঁদের অভিজ্ঞতা, শ্রম ও অবদানের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তাঁদের অধিকার, মর্যাদা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। প্রবীণদের প্রতি অবহেলা পরিহার করে তাঁদের যথাযথ যত্ন নেওয়ার পাশাপাশি পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধ জোরদার করতে হবে, যাতে জীবনের শেষ পর্যায়ে কোনো মা-বাবাকে অবহেলার শিকার হয়ে বৃদ্ধাশ্রমে যেতে না হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।