
দীপক সেন, মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইলসহ বিভিন্ন এলাকায় গত তিন-চার দিন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কাঠবোঝাই অসংখ্য ট্রাক। গাড়িগুলো দীর্ঘ সময় চলাচল না করায় কাঠ পরিবহন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে কাজ ও আয়-রোজগার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ট্রাকের চালক, সহকারী ও শ্রমিকরা।
সরেজমিনে দেখা যায়, মহালছড়ির ২৪ মাইল এলাকায় সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কাঠবোঝাই ট্রাক। কয়েকটি ট্রাকে বিপুল পরিমাণ গোল কাঠ বোঝাই করে রাখা হয়েছে। দীর্ঘ সময় গাড়ি চলাচল না করায় চালক ও শ্রমিকদের অনেককে গাড়ির পাশে অপেক্ষা করতে দেখা যায়।
চালক ও শ্রমিকরা জানান, কাঠ পরিবহনের জন্য বিভিন্ন এলাকা থেকে গাড়ি নিয়ে এসে কয়েক দিন ধরে তারা ২৪ মাইল এলাকায় অপেক্ষা করছেন। গাড়ি চলাচল বন্ধ থাকায় তাদের কাজ ও দৈনিক আয় বন্ধ রয়েছে। এ অবস্থায় খাবার ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করতেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
একজন ট্রাকের সহকারী বলেন, গাড়ি চলাচল করলেই তাদের কাজ ও আয় হয়। কয়েক দিন ধরে গাড়ি দাঁড়িয়ে থাকায় কাজ না থাকায় অপেক্ষা করেই সময় কাটাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহালছড়ি, মাইসছড়ি ও কুতুবছড়ি এলাকার কাঠ ব্যবসা ও পরিবহনের সঙ্গে অনেক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। দীর্ঘ সময় কাঠবোঝাই গাড়ি আটকে থাকায় সংশ্লিষ্ট ব্যবসা ও শ্রমজীবী মানুষের ওপরও এর প্রভাব পড়ছে।
এদিকে ২৪ মাইল এলাকায় একসঙ্গে বিপুলসংখ্যক কাঠবোঝাই ট্রাক অবস্থান করায় সড়কের স্বাভাবিক চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে কী কারণে কাঠবোঝাই ট্রাকগুলো কয়েক দিন ধরে চলাচল করছে না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাঠ ব্যবসায়ীদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘ সময় ধরে গাড়ি নিয়ে অপেক্ষায় থাকা চালক ও শ্রমিকরা বিষয়টির দ্রুত সমাধানের মাধ্যমে পরিবহন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।