
খাগড়াছড়ি প্রতিনিধি।।
মারাত্মক তীব্র অপুষ্টিতে (Severe Acute Malnutrition—SAM) আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী রাখী ত্রিপুরা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস কর্মকর্তা জোনাকি ত্রিপুরাসহ প্রকল্পের কর্মী ও স্যাম ইউনিটের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডা. অনুতোষ চাকমা বলেন, স্যাম শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে। এর আগে হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লজিস্টিকসের ঘাটতি পূরণ হওয়ায় এখন স্যাম ইউনিটে শিশুদের যথাযথ সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি সরবরাহ করা সরঞ্জামের যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, সংগঠনটি খাগড়াছড়ির সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে স্যাম ইউনিট স্থাপনে সহযোগিতা করছে। প্রকল্পের আওতায় অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের জন্য পুষ্টিকর খাবার ও সংশ্লিষ্ট সেবা গ্রহণে আর্থিক সহযোগিতাও করা হচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতির সম্মিলিত উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়িতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি তাদের চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।