
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় এলটি লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান (যুবক) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকার বাঙালি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত মান্নান উপজেলার জাম্মু টিলা গ্রামের বাসিন্দা নুরু হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলটি লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মান্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক অনুতোষ চাকমা জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় মান্নানকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।