বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় তিন গুণ গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আগামী ৬-৭ নভেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন রামুর বৌদ্ধপল্লিতে হামলার ১৪ বছর, ফিরেছে সম্প্রীতি—ঝুলে আছে বিচার কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর লক্ষ্মীছড়িতে ধাত্রী প্রশিক্ষণের সমাপনী, সনদ ও চিকিৎসা উপকরণ বিতরণ গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় ৩ জাতীয় কমিটিকে স্বাগত, পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পিসিএনপির লংগদু জোনকে ৩ু২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন দীঘিনালা ফুটবল দল মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক গুরুতর আহত ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; ভূক্তভোগীর তিব্র প্রতিবাদ মেঘ-পাহাড়-সমুদ্রের মেলবন্ধন মিরিঞ্জা ভ্যালি

৩ জাতীয় কমিটিকে স্বাগত, পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পিসিএনপির

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকার গঠিত তিনটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে স্বাগত জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন, সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নতুন করে শান্তি প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের কাঁঠালতলীতে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান কাজী মজিবর রহমান লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে পিসিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পিসিএনপি চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের গঠিত তিনটি উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সংগঠনটি এ উদ্যোগকে স্বাগত জানায়।

পিসিএনপির দাবি, শান্তিচুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংঘাত, চাঁদাবাজি ও নিরাপত্তাজনিত উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। সংগঠনটির ভাষ্য, জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব দাবির বিষয়ে সংগঠনটি সরকারের সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে পিসিএনপি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে বলেছে, চুক্তির বাস্তবায়ন ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে নতুন করে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া প্রয়োজন।

এ ছাড়া জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফকে সশস্ত্র কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে অতীতে সংঘটিত হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধের তদন্ত ও বিচার নিশ্চিত করতে আইনগত কাঠামোর আওতায় একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়।

পিসিএনপির অন্যান্য দাবির মধ্যে রয়েছে—পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা বিভাগগুলোর কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনগ্রসর কোটা চালু, পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচনের আগে জনসংখ্যার অনুপাত বিবেচনায় প্রতিনিধিত্ব নির্ধারণ এবং পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিওগুলোর কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে শিশির চাকমার দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানায় পিসিএনপি। সংগঠনটির দাবি, শিশির চাকমা পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন না। একই সঙ্গে জেএসএসের সাম্প্রতিক বক্তব্যেরও প্রতিবাদ জানিয়ে সংগঠনটি তাদের অবস্থান প্রত্যাখ্যান করে।

পিসিএনপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে স্বপদে বহাল রাখারও দাবি জানিয়েছে। সংগঠনটির মতে, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সরকার সেপ্টেম্বর মাসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে জাতীয়, নির্বাহী ও পরামর্শক—এ তিনটি কমিটি গঠন/পুনর্গঠন করেছে। এসব কমিটির মধ্যে জাতীয় কমিটির দায়িত্বের মধ্যে পার্বত্য চট্টগ্রামসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়ন তদারকি রয়েছে। নির্বাহী কমিটি জাতীয় কর্মকৌশল প্রণয়ন এবং পরামর্শক কমিটি সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *