
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চুরি প্রতিরোধ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখা এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, বাজার উন্নয়ন কমিটির সভাপতি মো. হেদায়েত আলী তালুকদার এবং ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, পানছড়িতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন তৎপর রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য তিনি আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।