
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ফাইসাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মোঃ গোফুর (৩১), তিনি উখিয়া উপজেলার বালুখালী আনজুমানপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল ফাইসাখাল এলাকায় অবস্থান নেয়। পরে বিকেল ৫টার দিকে এক ব্যক্তিকে নৌকাযোগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে টহলদল ধাওয়া করে কেওড়া বাগানসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
আটকের পর নৌকা তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, মিয়ানমার থেকে ইয়াবা ও অস্ত্র এনে দেশে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।