
পার্বত্য শান্তির জনপদ বান্দরবানে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই শহরের অলিগলি, মসজিদ ও ঈদগাহ মাঠজুড়ে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি।
সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম ও প্রধান জামাত। এতে শতশত মুসল্লি কাতারবন্দি হয়ে একসঙ্গে নামাজ আদায় করেন। প্রধান এই জামাতে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মুহাম্মদ মুজিবুল হক।
এরপর সকাল সাড়ে ৮টায় একই স্থানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত, যেখানে ইমামতি করেন বান্দরবান জেলা স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে দিনব্যাপী একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সবাই একসঙ্গে দোয়া করেন।
ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ, নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ।
সব মিলিয়ে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন পরিবেশে বান্দরবানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।