
কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের উদ্যোগে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
কাপ্তাই বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি সরকার। সভা সঞ্চালনা করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালে কাপ্তাই জাতীয় উদ্যানে হাতির সংখ্যা ছিল ৩৬টি। বর্তমানে সেখানে আনুমানিক ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে। হাতির সংখ্যা বাড়লেও বনাঞ্চলে খাদ্যসংকটসহ বিভিন্ন কারণে হাতি প্রায়ই লোকালয়ে চলে আসে। এতে মানুষ ও হাতির মধ্যে সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে।
বক্তারা বলেন, হাতির অস্তিত্ব রক্ষায় এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ জরুরি। মানুষের বিভিন্ন প্রয়োজনে বন উজাড় হওয়ায় হাতির আবাসস্থল ও খাদ্যের উৎস ক্রমেই সংকুচিত হচ্ছে। তাই বন ও হাতির আবাসস্থল রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ সময় হাতির চলাচলের করিডোরে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, হাতির আবাসস্থল দখল বা ধ্বংস থেকে বিরত থাকা এবং হাতি লোকালয়ে এলে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে হাতির উপস্থিতি সম্পর্কে বন বিভাগকে অবহিত করা এবং কৌতূহলবশত কাছে গিয়ে ছবি বা ভিডিও ধারণ না করার আহ্বান জানান বক্তারা।
এর আগে বিশ্ব হাতি দিবস উপলক্ষে স্কুলশিক্ষার্থী, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বনের ওপর নির্ভরশীল উপকারভোগীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে কর্মসূচির অংশ হিসেবে ১০০ শিক্ষার্থীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।