
স্টাফ রিপোর্টার।।
সাম্প্রতিক অতিবর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ১৭৬টি পরিবারের মাঝে বহুমুখী নগদ সহায়তা (এমপিসিজি) ও স্বাস্থ্যবিধি (হাইজিন) সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। সভাপতিত্ব করেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, কমলছড়ি ইউনিয়ন জেলার অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিতরণকৃত নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে। একই সঙ্গে তিনি উপকারভোগীদের সহায়তাগুলো যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রোগ্রাম পরিচালক বিনোদন ত্রিপুরা, কারিতাস বাংলাদেশের প্রতিনিধি পাপ্পু রোজারিও ও শিল্টন ত্রিপুরাসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণ এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, কমলছড়ি ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।