
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) জানতে পারে, সীমান্ত পিলার ২২৬২/২৪-এস-এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতীয় চোরাচালানি মালামাল পাচার হতে পারে। পরে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
টহলদলটি ডাইনচন্দ্রবাড়ী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং সীমান্ত পিলার ২২৬২/২৪-এস ও ২২৬২/২৫-এস-এর মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ দূরে জানমারাটিলা ডাউন এলাকায় পৌঁছায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে টহলদল জানমারাটিলা ডাউন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িভর্তি সাতটি বস্তা জব্দ করে। পরে বস্তাগুলো খুলে গণনা করে ১৬০ পিস ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।