
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী।
সভায় বক্তব্য রাখেন কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক অংচাথুই মারমা, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সুনিত কুমার মুৎসুদ্দী, গণিত বিভাগের প্রভাষক বিজয় কুমার বড়ুয়া, প্রভাষক জয়তুন নূর বেগম, মোঃ রুস্তম আলী এবং ভবতোষ চক্রবর্তী প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী বলেন, “২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশ নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই।” তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে যেন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেজন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।” এছাড়াও বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।