
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস।
বুধবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, পৌর প্রশাসক রুমানা আক্তার, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শহরের টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, এর তাৎপর্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে অবদান রাখা যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল দেশাত্মবোধ, স্মৃতিচারণ এবং জুলাই চেতনায় একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের বার্তা।